আগামী পাঁচ বছর মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাস্টারকার্ডের সাবেক সিইও ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক অজয় বাঙ্গা। গত সোমবার সংস্থাটির ২৫ সদস্যের নির্বাহী বোর্ডের ২৪ সদস্যই তাকে পরবর্তী প্রধান হিসেবে নির্বাচিত করে। কেবল রাশিয়া ভোটদানে বিরত ছিল। আগামী ২ জুন থেকে দায়িত্ব নেবেন বাঙ্গা।
গত ফেব্রুয়ারিতে অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার আগের সপ্তাহেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদ থেকে মেয়াদ শেষের এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দেন বর্তমান প্রধান ডেভিড ম্যালপাস। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের আন্তর্জাতিকবিষয়ক শীর্ষ কর্মকর্তা ম্যালপাসের জলবায়ু পরিবর্তনে ভূমিকা বহুল সমালোচিত। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তার পদত্যাগের ঘোষণার পরই শুরু হয়েছিল অজয় বাঙ্গার মনোনয়ন প্রক্রিয়া।
তাকে মনোনয়ন দেওয়ার পর জো বাইডেন বলেছিলেন, ইতিহাসের এই কঠিন সময়ে বিশ্বব্যাংককে নেতৃত্ব দেওয়ার যোগ্য মানুষ অজয় বাঙ্গা। তিন দশকের বেশি সময় ধরে তিনি নানা বিশ্ব সংস্থার দায়িত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে। জলবায়ু পরিবর্তনসহ এ সময়ের নানা গুরুতর সমস্যা নিরসনে তার অভিজ্ঞতা কাজে লাগবে।
বাঙ্গার এই মনোনয়ন নিয়ে বিতর্কও হয়েছিল। বিশ্বব্যাংকের নিয়ন্ত্রণ আমেরিকা নিজের মুঠোয় রেখেছে বলে অভিযোগ উঠেছিল। তবে শেষমেশ, বাঙ্গার হাতেই দায়িত্ব উঠল।
ভারতে মহারাষ্ট্রের পুনেতে ১৯৫৯ সালে শিখ পরিবারে জন্মগ্রহণ করেন বাঙ্গা। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করার পর আইআইএম আহমেদাবাদ থেকে এমবিএ করেন। ভারতেই চাকরি জীবন শুরু করেছিলেন বাঙ্গা। নেসলেতে প্রথম কাজ করেছিলেন। কলকাতাতেও ছিলেন। তারপর সিটি গ্রুপের হয়ে ভারত এবং মালয়েশিয়ায় কাজ করেছিলেন তিনি। ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েছেন। জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। পার্টনারশিপ অফ সেন্ট্রাল আমেরিকার সহ-চেয়ারম্যানও থেকেছেন তিনি। উত্তর-মধ্য আমেরিকায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কাজ করেছেন।