পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত আব্দুর রব সিকদারের স্মরণে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বরূপকাঠি থানা কল্যাণ সমিতির উদ্যোগে ঢাকার খিলগাঁও মডেল হাইস্কুল মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন।
স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক সচিব শামসুল হক, সাবেক অতিরিক্ত সচিব ময়েজউদ্দিন আহমেদ, হোসনে আরা সেলিনা, দুদকের সাবেক কর্মকর্তা আব্দুল মান্নান, একেএম মিজানুর রহমান, ওয়াহিদুল ইসলাম মুরাদ, তাহেরুল কবির দোলন, শেখ মো. শাহীন, মো. পারভেজ, কাজী সাইফুদ্দিন বখতিয়ার জাহিদ, জিয়াউল আহসান স্বপন, মো. পারভেজ, রিজভী ভূইয়া, ইঞ্জিনিয়ার পলাশ সিকদার, ইঞ্জিনিয়ার মিলন কৃষ্ণ মণ্ডল প্রমুখ।
স্মরণসভায় প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর সমাজ কল্যাণমুখী নানা কর্মকাণ্ড তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন প্রকৃত সমাজসেবক। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন প্রকৃত দেশপ্রেমিক ও অভিভাবক হারালো।
সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের সম্মাননা স্মারক তুলে দেয়া হয় তার সন্তান ইঞ্জিনিয়ার পলাশ সিকদারের হাতে। মিলাদ মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।