মোটরসাইকেলের ট্যাংকে ১১ কেজি রুপার গয়না

চুয়াডাঙ্গায় চোরাচালানের সময় অভিযান চালিয়ে মোটরসাইকেলের ট্যাংকের ভেতর থেকে প্রায় ১১ কেজি রুপার গয়নাসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার গোলাপনগর মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- দর্শনা পৌর এলাকার রামনগর মহল্লার সারোয়ার উদ্দিন ও সুলতানপুর গ্রামের ফারুক হোসেন।

চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান,  গোলাপনগর মোড় এলাকায় একটি রেজিস্ট্রেশন নম্বরবিহীন মোটরসাইকেলে দুই ব্যক্তিকে আসতে দেখে তাদের আটক করা হয়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ট্যাংকের ভেতর থেকে প্রায় ১১ কেজি রুপার গয়না উদ্ধার করা হয়। ওই দুজন গয়নাগুলো ফরিদপুরে নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।