বিশ্ব নেতাদের সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীও

রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার জমকালো এই অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা পার্কারকে মুকুট পরানো হয়।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীও ছিলেন বলে বাসস জানিয়েছে।

অনুষ্ঠানে আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, জাপান, হাঙ্গেরি, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন।

৭৪ বছর বয়সী রাজা তৃতীয় চার্লস তার মা রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছরের ৮ সেপ্টেম্বর গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ডের রাজা হন। রাজকীয় ঐতিহ্য অনুসারে, জাতীয় শোক ও বিশাল প্রস্তুতির কয়েক মাস পর একজন ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা এর আগে গত শুক্রবার রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য রাজা তৃতীয় চার্লসের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

সংবর্ধনার আগে প্রধানমন্ত্রী গত শুক্রবার বিকেলে কমনওয়েলথ দেশগুলোর নেতাদের দ্বিবার্ষিক সম্মেলনের যোগ দেওয়ার পাশাপাশি কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকেও যোগ দেন।

লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউজে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় কমনওয়েলথ প্রধান রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কমনওয়েলথ সরকারপ্রধানদের মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কমনওয়েলথ চেয়ার ইন অফিস রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সভাপতিত্বে কমনওয়েলথ নেতাদের একটি রুদ্ধদ্বার বৈঠক প্রধান সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কমনওয়েলথ পরিবারের একটি যৌথ ছবি তোলা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব উদযাপন অনুষ্ঠানে যোগদান এবং জাপানে সরকারি সফরের পর তৃতীয় ধাপে ৪ মে লন্ডনে পৌঁছান।