পুলিশ সদস্য হত্যা

তিন ছিনতাইকারীর যাবজ্জীবন

৯ বছর আগে চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা। একই রায়ে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনার পর আসামিদের অটোরিকশায় উঠৈ পালিয়ে যেতে সাহায্য করার দায়ে সিএনজি অটোরিকশাচালক আসামি মো. মনিরকে ১০ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার (০৭ মে) দুপুরে তিনি এ রায় দেন বিচারক। সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন জসিম উদ্দিন, অর্জুন দে ও মাবুদ দুলাল। বিষয়টি নিশ্চিত করে ওই আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আদালত রায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত চার আসামির মধ্যে মাবুদ দুলাল রায় ঘোষণাকালে উপস্থিত ছিলেন। অপর তিনজন পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ জানুয়ারি রাতে কনস্টেবল ফরিদ উদ্দিন অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন শেষে নগরের আগ্রাবাদ সিঅ্যান্ডবি কলোনির বাসায় ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারীরা তার মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ডবলমুরিং থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পরে সাজাপ্রাপ্ত চারজনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মো. নাছির ও মো. রাজিব নামে দুই আসামি মামলা তদন্তকালে মারা যান। ২০১৫ সালের ১৭ এপ্রিল চার আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ২০১৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে বিচার শুরু হয়। রাষ্ট্রপক্ষে মোট ১৫ জনের সাক্ষ্য শেষে আজ রবিবার এ রায় দেন আদালত।