সুলতানপুরে গাইলেন বলিউডের স্নিগ্ধজিৎ

স্নিগ্ধজিৎকে বাংলাদেশের দর্শক আগে থেকেই চিনতে পারেন। কারণ তিনি কলকাতার জি বাংলার সারেগামাপা প্রতিযোগিতায় বাংলাদেশের নোবেলকে টপকে জয়ী হয়েছিলেন। এরপর হিন্দি সারেগামাপায় তিনি নজর কাড়েন প্রতিযোগিতার বিচারক বলিউডে প্রখ্যাত সংগীতপরিচালক বিশাল দাদলানির। তিনি ঋত্বিক রোশানের সিনেমায় ‘অ্যালকোহলিয়া’ গানটি গাওয়ার সুযোগ দেন স্নিগ্ধজিৎকে। গানটি রীতিমতো সাড়া ফেলে। সেই স্নিগ্ধজিৎ এবার গাইলেন বাংলাদেশি সিনেমায়। জনপ্রিয় নির্মাতা সৈকত নাসিরের পরিচালনায় পলিটিক্যাল থ্রিলার সিনেমা ‘সুলতানপুর’-এর প্রথম গান ‘জানরে’তে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ জুন। সৈকত নাসির বলেন, ‘ছবিটির কোনো ক্ষেত্রেই কোনো কম্প্রোমাইজ করিনি। এই ছবির গল্পই মূল নায়ক। অভিনয়শিল্পীরাও দারুণ অভিনয় করেছেন। গানের ক্ষেত্রেও এক নতুনমাত্রা পাবে দর্শক শ্রোতারা।’ সুলতানপুর ছবির ‘জানরে’ গানটির দৃশ্যে অভিনয় করেছেন সাঞ্জু জন ও অধরা খান। উল্লেখ্য, নির্মাতা সৈকত নাসির তার পলিটিক্যাল অ্যাকশন সিনেমা ‘দেশা-দ্য লিডার’ ছবিটির মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।