কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের গুলিতে তিনজন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে ক্যাম্প অভ্যন্তরের থাকা হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া গণপিটুনিতে এক আরসা সদস্য নিহত হয় বলে জানা গেছে। উখিয়া ১৩ নম্বর তাজনিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি/১-এ এই ঘটনা ঘটে।
গতকাল রবিবার ভোরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩-এর জি/১ ব্লকে বসবাসকারী আরসাবিরোধী সাধারণ রোহিঙ্গাদের ওপর আরসা কমান্ডার হাফেজ জোবায়ের, নুরুল হকের নেতৃত্বে ২০-২৫ আরসা সদস্য অতর্কিত হামলা চালিয়ে ১০-১৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে ওই স্থানে বসবাসরত সাধারণ রোহিঙ্গারা আরসা সদস্যদের ঘিরে ফেলে এবং অজ্ঞাত একজন আরসা সদস্যকে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত আরসা সদস্যের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ছিটা গুলির আঘাতে তিনজন রোহিঙ্গা আহত হওয়ায় নিকটস্থ ব্র্যাক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত রোহিঙ্গারা হলেন উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের রমিদা খাতুন (৫৫), একই ক্যাম্পের মো. রফিক (২৫) ও তার ভাই জুবায়ের (১৮)।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে একজন নিহত হয়েছে বলে জানা গেছে। পরে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠাই।