কাশিমপুরে বন্দী নারী হাজতির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী যমুনা বেগম (৩৫) নামের এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

সোমবার (৮ মে) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যমুনা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল এলাকার মরণ মিয়ার স্ত্রী ও মৃত আরব আলীর মেয়ে। কারাগারে তার হাজতি নম্বর ১০৭০/২৩।

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় নরসিংদী কারাগার থেকে গত ৫ মে চিকিৎসার জন্য যমুনা বেগমকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে ওইদিন রাতে তাকে কারাগারে ফেরত নিয়ে আসা হয়। পরদিন ৬ মে তিনি আবার অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় যমুনা বেগম মারা যান। তাকে গত ২ মে গ্রেপ্তারের পর নরসিংদী কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।