৪ ব্যাংকের এমডিকে আইডিবি সম্মেলনে যেতে মানা

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অনুমতি চেয়েছিল চারটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তারা আইডিবি সম্মেলনের পাশাপাশি চলতি মৌসুমে ওমরাহ পালনের সুযোগ চেয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক ডলার সাশ্রয়ের লক্ষ্যে তাদের আবেদন মঞ্জুর করেনি। সেখানে বাংলাদেশের কোনো ব্যাংকের এমডিদের অংশগ্রহণ বাধ্যতামূলক না থাকায় তাদের ব্যাংকের খরচে সৌদি যেতে বারণ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে তাদের নিজস্ব খরচে ওমরাহর উদ্দেশ্যে সৌদি আরব যেতে আবেদন করলে তা আপত্তি জানাবে। এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র।

চার ব্যাংকের এমডি হলেন সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন, ইস্টার্ন ব্যাংকের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ।

এ বিষয়ে জানতে চাইলে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ রূপান্তরকে বলেন, ‘আমি আবেদন করেছিলাম। বাংলাদেশ ব্যাংক এখনো কিছু জানায়নি। অন্যদের বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’ তবে নাম প্রকাশ না করার শর্তে অন্য একজন এমডি বলেন, ‘আইডিবির সম্মেলনে যাওয়ার বিষয়ে আমি অনুমতি চেয়ছিলাম। কিন্তু বাংলাদেশ ব্যাংক অনুমতি দেয়নি।’