সড়ক দুর্ঘটনায় গত রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ৯ জনেরই প্রাণ গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। নিহতদের মধ্যে গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত হয়েছে মোটরসাইকেল আরোহী তিন তরুণ, রাজধানী ঢাকায় ট্রাকচাপায় প্রাণ গেছে আরও দুই মোটরসাইকেল আরোহী তরুণের, চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মোটরসাইকেলকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে নিহত হয়েছেন দুই আরোহী, চট্টগ্রামের চন্দনাইশে ছেলের মোটরসাইকেল থেকে পড়ে নিহত হয়েছেন এক নারী, নীলফামারীতেও বাসের ধাক্কায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী এক যুবকের। এ ছাড়া গাইবান্ধায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পড়ে নিহত হয়েছে পাঁচ বছরের এক শিশু।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো তথ্যে বিস্তারিত
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলগোপালগঞ্জ সদর উপজেলার শোকর শেখের ছেলে জামি শেখ (১৭), শুকুর সরদারের ছেলে হাসান সরদার (১৮) এবং ডবলু শেখের ছেলে তাজিম শেখ (১৬। তাদের সবার বাড়ি সদর উপজেলার ছুটফা গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার স ম আরিফুল হক জানান, জেলা শহর থেকে একটি মোটরসাইকেলে করে তিন যুবক তাদের গ্রামের বাড়িতে ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের সোনাশুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই জামি শেখ নিহত হয়। মারাত্মক আহত হাসান ও তাজিমকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। নিহতের স্বজনরা জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৮টায় তারা মারা যায়।
এদিকে রাজধানীর গেন্ডারিয়ায় ট্রাকচাপায় এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের (৩০) ও তার দোকান কর্মচারী সাব্বির (২৬)। এ সময় নাঈম (১৭) নামে এক কিশোর আহত হয়েছে।
জানা গেছে, নিহত আবুল খায়েরের বাবার নাম হান্নান মোল্লা। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায়। সাব্বিরের বাবার নাম ইয়ার আলী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী। তারা গে-ারিয়ার ঢালকানগর এলাকায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৪টার দিকে পুরান ঢাকার ধোলাইখাল এলাকার একটি হোটেলে তেহারি খান ফার্নিচার ব্যবসায়ী আবুল খায়ের তার দোকান কর্মচারী সাব্বির ও নাঈম। পরে তারা মোটরসাইকেলে করে গে-ারিয়া ঢালকানগর বাসায় ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল চালাচ্ছিলেন আবুল খায়ের। পথিমধ্যে গে-ারিয়া কাউয়ারটেক সিএমবি খালপাড় এলাকার খোকার মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার এক পাশে ছিটকে পড়ে কিশোর নাঈম। আর ব্যবসায়ী আবুল খায়ের ও সাব্বির রাস্তার অন্যপাশে ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল খায়ের ও সাব্বির মারা যান।
চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দৌলত খান (২৫) ও সাহাব উদ্দিন (২৬) নামে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বিবিরহাট-হেঁয়াকোর সড়কে ইউনুছের মাল্টা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দৌলত খানকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সাহাব উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে হাটহাজারী পর্যন্ত গেলে তারও মৃত্যু হয়।
এদিকে জেলার চট্টগ্রামের চন্দনাইশে ছেলের মোটরসাইকেলের পেছন থেকে পড়ে আমেনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। চন্দনাইশ থানার এসআই হাসান উদ্দিন বলেন, মা-ছেলে মোটরসাইকেল করে বাগিচাহাট যাচ্ছিলেন। রেলস্টেশনের পশ্চিমে এসে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নীলফামারী প্রতিনিধি জানান, গতকাল ভোরে উপজেলার খুটামারা টেংগনমারী খোকার বাজারে সড়ক দুর্ঘটনায় দুর্লভ চন্দ্র রায় (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দুর্লভ চন্দ্র রায় উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা বাড়াইপাড়া এলাকার দীপক চন্দ্র রায়ের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, একটি বেসরকারি কোম্পানিতে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে সৈয়দপুর উপজেলার উদ্দেশ্যে রওনা করেন দুর্লভ। বাড়ি থেকে আধা কিলোমিটার পথ যেতে না যেতেই খোকারবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ডিমলাগামী রাত্রিকালীন হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশায় পিষ্ট হয়ে সানাউল্লাহ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের উপজেলার মেরীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সানাউল্লাহ একই উপজেলার দিগদারী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। সে মেরীরহাট দা হলি কোরআন একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী ছিল।