বিশ্ব অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সমর্থন অনুধাবনে ব্যর্থ হলে বিএনপি ভুল করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বিশ্ব অঙ্গনে জননেত্রী শেখ হাসিনার উচ্চতা আর তার সরকারের প্রতি বিশ্ব অঙ্গনের সমর্থন কোন জায়গায় সেটি নিশ্চয়ই বিএনপি অনুধাবন করতে সক্ষম হয়েছে।’ গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরের শেষপর্যায়ে এখন যুক্তরাজ্যে রয়েছেন, ৯ মে তিনি দেশে ফিরে আসবেন। তার এ সফর অত্যন্ত সফল একটি সফর। জাপানের সরকার ও জনগণ রাষ্ট্রীয় সফরে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভাবনীয় মর্যাদা দিয়েছে এবং আমাদের নানা প্রকল্পে ৩০ বিলিয়ন ইয়েন সহায়তার চুক্তি সই করেছে। পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নেওয়া বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে শেখ হাসিনাকে আমন্ত্রণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়ে এখন ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার সহায়তার চুক্তি স্বাক্ষর করেছে।’
যুক্তরাজ্যের নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া শেখ হাসিনার সঙ্গে রাজা চার্লসের সাক্ষাৎ ও কুশলবিনিময়ের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন, শেখ হাসিনা হচ্ছেন আমার আইডল এবং শুধু তারই নয়, তার মেয়েদেরও আইডল। পাশাপাশি ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, কমনওয়েলথ মহাসচিবসহ অনেকেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এই সফরে বিশ্বনেতারা ও গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন করার ঐকান্তিক ইচ্ছার কথা এবং সব পর্যবেক্ষককে নির্বাচন দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আর সে সময় বাংলাদেশে বিএনপি নেতারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে। নির্বাচন প্রতিহত করার বা বর্জনের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করা বা ঠেকিয়ে দেওয়ার ঘোষণার মতো। আসলে বিএনপি দেশে গণতন্ত্র চায় না। বিএনপি সব সময় পানি ঘোলা করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বিএনপি নির্বাচন বর্জন করতে পারে কিন্তু নির্বাচন বন্ধ করা কিংবা ঠেকিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখানোর সুযোগ নেই। এ দেশের মানুষ বিএনপিকে সেই সুযোগ দেবে না।’
বিএনপির ঘোষণা যে তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে নাএ নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি অতীতের মতো নির্বাচন থেকে পালিয়ে বেড়াক সেটি আমরা চাই না। আমরা বিএনপির সঙ্গে খেলতে চাই কিন্তু ওরা খেলা থেকে বারবার পালিয়ে যায়, এটিই হচ্ছে দুঃখজনক।’