‘দয়া করে কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম’

টাঙ্গাইলে রাইস কুকারের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে ঘাটাইল থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার সিংগুরিয়া বাসস্ট্যান্ড এলাকার পশ্চিমপাড়া কবরস্থান জামে মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ছাড়া নবজাতকের সঙ্গে ওই কার্টনে একটি কাগজে লেখা ছিল ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ কার্টনে এক হাজার টাকাও ছিল।

ওই মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, সকালে বাড়িতে খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইস কুকারের কার্টন ফেলে রাখা হয়েছে।ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না। এরপর মসজিদে এসে দেখি সামনের দরজার পাশে কার্টন। পরে মসজিদ কমিটির লোকজনকে নিয়ে সেটি খুলে দেখি মৃত এক নবজাতক। সঙ্গে এক টুকরো কাগজ রয়েছে। পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে তারা।

এ বিষয়ে ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, কার্টনসহ নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নবজাতকের সঙ্গে ওই কার্টনে একটি কাগজে লেখা ছিল ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম।’