ফখরুল বললেন

নির্বাচন করতে পুরনো খেলা শুরু করেছে সরকার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার নির্বাচনী মাঠ শূন্য করতে আবারও পুরনো খেলা শুরু করেছে। ২০১৮ সালের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার করা শুরু করেছিল। এবার অনেক আগে থেকেই এ প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এবার ১০ দফা দাবি আদায়ে রাজপথে যে আন্দোলন শুরু হয়েছে তাতে সরকারের সব অনৈতিক পদক্ষেপ ভেস্তে যাবে।’

গতকাল মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সারা দেশে ‘মিথ্যা মামলা ও গ্রেপ্তার’র ঘটনা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করি না। এর পরও আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা অব্যাহত রেখেছে। গাজীপুরের একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপি নেতাকর্মীদের ওপর মামলা দিয়েছে। একতরফা বিভিন্ন সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, বাড়ি-বাড়ি তল্লাশি অব্যাহত রেখেছে। সিলেটে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার, বাসায় বাসায় তল্লাশি করছে; বিষয়টি সিলেট পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলন একটা ওয়েবের মতো। এটা কখনো ওঠে, কখনো নামে। সেটা জনগণের সব পরিপ্রেক্ষিত বুঝে নিয়ে আমাদের আন্দোলনটা করতে হয়। যেমন রোজার মাস। এ মাসে স্বাভাবিকভাবে যারা রোজা রাখেন, সেটাতে খেয়াল রাখতে হয়। তখনো আমরা কর্মসূচি দিয়েছি এবং আপনারা দেখেছেন ইউনিয়নপর্যায় পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন হয়েছে, আমাদের পদযাত্রা হয়েছে, আমাদের সমাবেশ হয়েছে। এখন যারা আন্দোলনের অংশীদার আছেন, শরিক দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা চূড়ান্ত আলোচনার পর্যায়ে এসেছি। শিগগিরই নতুন করে কর্মসূচি জানতে পারবেন।’

‘নির্বাচনকালীন সরকারে বিএনপিকেও আমন্ত্রণ জানানো হবে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, ‘২০১৮ সালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা বৈঠক করেছিলাম। সে সময় প্রধানমন্ত্রী যেসব কথা দিয়েছিলেন সেগুলোর একটাও তারা রক্ষা করেননি। সেখানে ওবায়দুল কাদেরের কথার আস্থা কিংবা বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। জনগণকে বিভ্রান্ত করতে এটি আরেকটি চক্রান্ত। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের হারানো ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি।’

আমরা কোথাও নালিশ করতে যাই না : সংবাদ সম্মেলনে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কাউকে কোনো নালিশ করি না, আমরা কাউকে কিছু বলতে যাই না এটা মনে রাখতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এখানে বিদেশি যেসব মিশন আছে অথবা যারা কাজ করছেন তাদের সঙ্গে রুটিন আলোচনা হয়, সেই আলোচনা হয়েছে।’