ছাত্রীকে কুপিয়ে হত্যায় সেই ইমাম গ্রেপ্তার

গাজীপুরের সালনা এলাকায় বাসায় ঢুকে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার টাঙ্গাইলের ভূঞাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের পর র‌্যাবের দলটি সাইদুলকে নিয়ে ঢাকায় রওনা হয় বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার রাতে গাজীপুরের সালনা এলাকায় বাসায় ঢুকে কুপিয়ে কলেজছাত্রী রাবেয়া আক্তারকে হত্যা করা হয়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে রাবেয়ার মা ও তিন বোনকেও কুপিয়ে জখম করা হয়। পরে তার মাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ওই ঘটনায় সাইদুলের বিরুদ্ধে গাজীপুর সদর থানায় মামলা করেন রাবেয়ার বাবা আবদুর রউফ। সাইদুল স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। আর নিহত রাবেয়া ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রাবেয়ার বাবা আবদুর রউফ সাংবাদিকদের বলেন, ‘সাইদুল আমাদের প্রাইভেট শিক্ষক ছিল। ছোট দুই মেয়েকে সে কোরআন পড়াত। সে আমার বড় মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিলে আমরা সরাসরি না করে দিই। এ কারণেই সে বাড়িতে ঢুকে আমার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে।’

এদিকে গতকাল বাদ জোহর নিহত রাবেয়াকে তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা থানার চরগাঁও গ্রামে দাফন করা হয়েছে।