ঘোড়াঘাটে কমিটিহীন ছাত্রলীগ অভিভাবকহীন যুবলীগ

দেড় বছর ধরে বিলুপ্ত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ বিলুপ্ত আড়াই বছর ধরে। আর উপজেলা যুবলীগ অভিভাবকহীন আড়াই বছর। গত কয়েক বছর ধরেই কাউন্সিল হচ্ছে না পৌর যুবলীগে।

২০১৯ সালের ৭ নভেম্বর ১৭ সদস্যবিশিষ্ট ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এক বছর মেয়াদি এই কমিটি ২০২১ সালের ২০ ডিসেম্বর বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিলুপ্ত ঘোষণা করার দেড় বছর হয়ে এলেও এখনো কোনো কমিটি দেওয়া হয়নি। এর আগে ২০২০ সালের ২৯ নভেম্বর পৌর ছাত্রলীগের কমিটির বিলুপ্ত ঘোষণা করে উপজেলা ছাত্রলীগ। ছাত্র সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী পৌর শাখা কমিটি জেলা নাকি উপজেলার অধীনে এমন বিতর্ক হয়। কিন্তু শেষ পর্যন্ত ওই বিলুপ্ত অবস্থাতেই আছে পৌর ছাত্রলীগ।

এদিকে গত ২০১৭ সালে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরই মধ্যে ২০২০ সালের ২ সেপ্টেম্বর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমকে হত্যাচেষ্টার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন ওই কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আসাদুল ইসলাম। ওই ঘটনার পর দুজনকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ। ফলে যুবলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়কহীন অবস্থাতেই আছে উপজেলা যুবলীগ। এদিকে কয়েক বছর ধরেই পৌর যুবলীগের সম্মেলন হচ্ছে না। সম্মেলন প্রস্তুতি কমিটির পদেই রয়ে গেছেন নেতাকর্মীরা।

আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলো মাঠ গোছাচ্ছে। ফলে নতুন কমিটি হবে এমন আশায় বুক বাঁধছেন নেতাকর্মীরা। নেতাকর্মীরা সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে দৌড়ঝাঁপ করছেন।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা বলেন, কমিটি গঠন করতে কেন্দ্রকে অবহিত করা হয়েছে। এক থেকে দুই মাসের মধ্যে ফলাফল পাওয়া যাবে।

ঘোড়াঘাট উপজেলাটি দিনাজপুর-৬ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে কথা হয়েছে। নতুন কমিটি গঠনে কার্যক্রম শুরু করা হয়েছে।