বৃদ্ধকে আধা কিলোমিটার টেনেহিঁচড়ে নিল বাস

নীলফামারী উত্তরা ইপিজেড বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন এজাজুল হক শাহ ফকির (৬০)। এ সময় নাদের পরিবহন নামের একটি বাস নীলফামারী থেকে সৈয়দপুর যাওয়ার সময় উত্তরা ইপিজেড এলাকায় পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ বাসের নিচে চলে গেলে বাইসাইকেলটি ছিটকে পড়ে। এরপর প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় বাসটি। গত বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের উত্তরা ইপিজেড হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে মেহেরপুরে গতকাল সকালে বাসের চাপায় শামিম আহমেদ নামে এক পশুচিকিৎসক নিহত হয়েছেন। মোটরসাইকেলসহ শামিম বাসের নিচে পড়লে বাসটির চালক বেশ কয়েক গজ টেনেহিঁচড়ে তাকে নিয়ে যায়। নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় ইব্রাহীম নামে এক শিক্ষক নিহত হয়েছেন। ঝিনাইদহে নারীসহ দুজন নিহত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর

মেহেরপুরে পশুচিকিৎসক নিহত : মেহেরপুরে বাসের চাপায় এক পশুচিকিৎসক নিহত হয়েছেন। তার নাম  শামিম আহমেদ (৩০)। গতকাল বৃহস্পতিবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোটরসাইকেলে পশুর চিকিৎসা দিতে বের হয়েছিলেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের সিংহাটি গ্রামে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান, শামিম আহমেদ গ্রামের সবার পরিচিত পশুচিকিৎসক ছিলেন। তিনি প্রতিদিনের মতো গতকাল বিভিন্ন গ্রামে পশুর চিকিৎসা দিতে বের হয়েছিলেন। সকালে নিজ মোটরসাইকেলে চাঁদপুর এলাকায় পৌঁছালে মেহেরপুর-ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলসহ শামিম বাসের নিচে পড়লে বাসটির চালক বেশ কয়েক গজ টেনেহিঁচড়ে তাকে নিয়ে যায়।

মেহেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মোটরসাইকেলসহ চালক শামিম আহমেদকে উদ্ধার করে মেহেরপুর হাসপাতালে নেয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোতালিব হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

নোয়াখালীতে শিক্ষক নিহত : নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ইব্রাহীম (৪৮) নামে এক শিক্ষক। পথে উপজেলার মাকুর দোকান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গণচৌশাগারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার চাপরাশিরহাট হাইস্কুলের ইংরেজি শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার ঘোষবাগ ইউনিয়নে।

ঝিনাইদহে দুজন নিহত : ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের আটলিয়া বাজার এলাকায় ট্রাকচাপায় নারী ও ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সে সময় আহত হয়েছেন আরও দুজন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার গোপালপুর কালীগঞ্জ সড়কের তিন রাস্তার মোড়ে এ ঘটনাটি ঘটে। তারা হলেন সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের রুবেল হোসেনের স্ত্রী পিংকি খাতুন (২৮) ও একই উপজেলার হাজি ডাঙ্গা গ্রামের আত্তাব আলীর ছেলে সাদেকুল ইসলাম (৫০) ভ্যানচালক।

স্থানীয়রা জানান, বিকেলে সদর উপজেলার কান্তা গ্রামের বাবার বাড়ি থেকে ভ্যানযোগে পিংকি খাতুন চান্দুয়ালী গ্রামে তার স্বামীর বাড়িতে যাচ্ছিল। পথে ওই স্থানে পৌঁছালে পেছন দিক থেকে সারবোঝায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিংকি মারা যায়। আহত ভ্যানচালক সাদেকুল ইসলামকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম রায় এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।