সৈয়দপুরে আবাসিক এলাকায় নিষিদ্ধ কারখানা বন্ধের দাবি

সৈয়দপুরের প্রাণকেন্দ্র আবাসিক এলাকায় কারখানা বন্ধের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলছেন, আবাসিক এলাকা কামারপুকুরে ‘শ্যামলী সিমেন্ট শিট মিলস লিমিটেড’ নামে একটি কারখানা গড়ে উঠেছে। যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

পরিবেশ আইনে লাল চিহ্নিত বা রেডজোন চিহ্নিত মিল-কারখানা স্থাপন করার ক্ষেত্রে সরকারের দিকনির্দেশনা রয়েছে। এ ছাড়া আবাসিক এলাকায় কারাখানা করার ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞাও। এরপরও কারখানাটি আবাসিক এলাকায় গড়ে ওঠেনি তাতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন লাল তালিকাভুক্ত কাঁচামাল। তবে কারখানার মালিকপক্ষ লাল তালিকাভুক্ত কাঁচামাল ব্যবহারের কথা অস্বীকার করেছে।

সরকার গত কয়েক বছর ধরে আবাসিক এলাকা থেকে সব মিল-কারখানা সরিয়ে নেওয়ার আইন প্রণয়নের পাশাপাশি বিভিন্ন উৎসাহব্যঞ্জক প্রণোদনা দিয়ে আসছে। ট্যানারি শিল্পকে ঘনবসতির পুরান ঢাকা থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরও আবাসিক এলাকায় এ ধরনের কারখানা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। 

পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আবাসিক এলাকায় কোনোভাবেই লাল তালিকাভুক্ত কাঁচামাল ব্যবহারকারী প্রতিষ্ঠান গড়ে তোলা যাবে না। অথচ ‘শ্যামলী সিমেন্ট শিট মিলস লিমিটেড’ নামে কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে। এমনকি কারখানাটির বিএসটিআইয়ের অনুমোদনও নেই।

এনবিআরের তথ্যের ভিত্তিতে জানা যায়, কোম্পানিটি ২০২২ সালে ১ হাজার ৮০ টন লাল তালিকাভুক্ত কাঁচামাল আমদানি করেছে। তাছাড়া ডঐঙ-এর নির্দেশনা অনুযায়ী কারখানাটি শ্রমিকদের কোনোরূপ শারীরিক পরীক্ষাও মালিকপক্ষ করছেন না বলে একাধিক শ্রমিক জানিয়েছেন।

কারখানাটির মালিক প্রভাবশালী হওয়ায় এলাকার বাসিন্দারা ভয়ে কোনো প্রতিবাদ বা কোনো সংস্থায় অভিযোগ করতে পারছেন না বলে ভুক্তভোগীরা জানিয়েছে। তারা কারখানাটি সরিয়ে শিল্প এলাকায় স্থানান্তর ও আবাসিক এলাকায় বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে।