বিয়ের আনুষ্ঠানিকতার পরই সন্তানের খবর

গত শনিবার বিয়ের খবর প্রকাশ্যে আনেন ঢালিউডের নায়ক রোশান। এবার জানা গেল, তার স্ত্রী এশা অন্তঃসত্ত্বা! ঘাবড়ে যাওয়ার কারণ নেই। সস্প্রতি যে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে, সেটি লোক দেখানো মাত্র। ২০২০ সালের ১১ জুন বিয়ের কাজটা গোপনেই সারেন রোশান। এ প্রসঙ্গে তিনি জানান, পাবলিকলি জানাননি। কারণ তার শ^শুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না। এদিকে, রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন। জানা গেছে, দুই পরিবারের সবাই এখন রোশান ও এশার অনাগত সন্তানের অপেক্ষায় আছেন। অবশ্য রোশান বাবা হওয়ার পরই কথাটা সবাইকে জানাতে চান। তিনি চান, সন্তান আগে নিরাপদে পৃথিবীতে আসুক, তারপর ভক্তদের জানাবেন। বিয়ের খবর প্রকাশ্যে আনার এক দিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান। নতুন ছবি ‘এক্সকিউজ মি’র শ্যুটিংয়ের জন্য তার কক্সবাজার যাওয়া। ছবিটি পরিচালনা করছেন রায়হান খান। এই ছবিতে রোশানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনয়শিল্পী ভাবনা।