চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। দিন-রাতে প্রায় অর্ধেক সময় ধরে থাকছে না বিদ্যুৎ।
শনিবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় ৪-৫ বার লোডশেডিং হয়েছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের লোডশেডিং। গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। দিনে তীব্র গরমের পর রাতেও নেই স্বস্তি। এক সপ্তাহ ধরে দিন-রাত মিলিয়ে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বেড়েছে। সবচেয়ে দুর্ভোগ হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে। বিদ্যুতের ভেলকিবাজিতে শিক্ষার্থীরাসহ চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। উপজেলার সর্বত্র একই অবস্থা।
অতিরিক্ত লোডশেডিং, টেকনিক্যাল সমস্যা, হালকা ঝড়ো-হাওয়া হলে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখে পল্লী বিদ্যুৎ। জনগুরুত্বপূর্ণ এমন বিষয়ের সমস্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে জনসাধারণকে।
জানা যায়, ফটিকছড়িতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে ৬টি সাব স্টেশন রয়েছে৷ চাহিদার তুলনায় সব স্টেশনেই বিদ্যুৎ সরবরাহ হচ্ছে অর্ধেকেরও কম।
ফটিকছড়ি সদর জোনাল অফিসের এজিএম আজহারুল হক জানান, ফটিকছড়িতে বিদ্যুতের চাহিদা ৪৫ মেগাওয়াট হলেও সরবরাহ ২০ মেগাওয়াটের কম।
তিনি বলেন, ডলার রেট কমায় কয়লা সংকটের কারণে চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। ফলে বিদ্যুৎ সমস্যা কমছে না।