দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ‘অন্তর্জাল’ আসছে

নানা রহস্যের জাল আর চাল নিয়ে পবিত্র ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’।

ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সেই বিপদের কারণ কি? মানুষ নাকি অন্যকিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কি? এমন প্রশ্নের আভাস দিয়ে শনিবার (১৩ মে) বিকেলে সোশ্যালে উন্মুক্ত হয়েছে রহস্যঘেরা এক পোস্টার।

পোস্টারে দেখা যায় কতগুলো অপরিচিত চরিত্রের ছবি। এর মধ্যে মুখ দেখা যাচ্ছে মাত্র কয়েকজনের। তারা হলেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ, মাশরুর ইনান, এবিএম সুমন ও অমিত সিনহা।

প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে। এমন ভাবনায় সিনেমাটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। পরিচালক জানান, আগামী কোরবানির ঈদে অন্তর্জাল আসবে চূড়ান্ত। এ মাসের মধ্যে সেন্সর হবে অন্তর্জালের।

ছবিতে সিয়াম আহমেদকে দেখা যাবে একজন ফ্রিল্যান্সার প্রোগ্রামারের চরিত্রে। সুনেরাহ বিনতে কামাল কাজ করেন রোবট নিয়ে আর বিদ্যা সিনহা মিম ও এবিএম সুমনকে দেখা যাবে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে।