জীবননগরে পৌনে দুই কেজি স্বর্ণ উদ্ধার

সোনার বার ভাগাভাগির সময় চোরাচালানিদের সংঘর্ষ

চুয়াডাঙ্গার জীবননগরে সোনার বার ভাগাভাগির সময় স্বর্ণ চোরাচালানকারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় রক্তাক্ত জখম অবস্থায় দুজনসহ তিন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। পরে সেখান থেকে উদ্ধার করা হয় স্বর্ণের বার।

গত শুক্রবার রাত ৮টার দিকে জীবননগরের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জখম দুজনকে আটক করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র রেফার্ড করা হয়েছে।

আটকরা হলেন জীবননগর উপজেলার ঘুগরাগাছি গ্রামের মাজহারুল ইসলাম খান পল্টু, আছির উদ্দিন বাড়ানদি গ্রামের শাহাবুদ্দিন খান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বর্ণ চোরাকারবারি দুটি গ্রুপের সদস্যরা জীবননগরের শাহাপুরে অবস্থান করছিল। এ সময় স্বর্ণ ভাগাভাগি নিয়ে ওই দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে দুইজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়Ñ এমন গোপন সংবাদ পেয়ে শাহাপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। পুলিশের অভিযানে আটক হয় শাহাবুদ্দিন এবং আহত পল্টু ও আছির উদ্দীন। উদ্ধার করা হয় ১ কেজি ৮০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার।

গতকাল শনিবার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা জানান, দুইদল স্বর্ণ চোরাচালানকারীর মধ্যে স্বর্ণ ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে তিনজন আটক ও চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।