আগামী শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টিভি নাটকের প্রতিষ্ঠিত নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমা ‘মা’। অনেক আগে আগেই ছবিটির প্রচারণা, কাস্টিংয়ে ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ছাড়াও মুক্তির আগে আগেই ছবিটির কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের খবর- সবমিলিয়ে ‘মা’ ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মেধাবী অভিনেত্রী ফারজানা ছবি। গত শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে একটি প্রীতি অনুষ্ঠানে ছবিটি নিয়ে যে তথ্যচিত্রটি দেখানো হয়, তা দেখে উপস্থিত শোবিজের অনেক তারকাই ছবির অভিনয়ে মুগ্ধ। তারা কেউ কেউ বলেই ফেললেন, এই সিনেমা ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেবে।
তবে ফারজানা ছবি কী ভাবছেন নিজের ছবিটি নিয়ে জানতে চাইলে দেশ রূপান্তরকে এই তারকাশিল্পী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিরোধিতা, একইসঙ্গে সে সময়ের সামাজিক এবং রাজনৈতিক জটিলতা নিয়ে নির্মিত হয়েছে ‘মা’। শুধু তাই নয়, আমাদের ইতিহাস ও মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প ছবিটিতে উঠে এসেছে।’
এ ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যে চরিত্রে অভিনয় করেছি, সে মেয়েটি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী। আমি প্রথমবার বৌদ্ধ ধর্মের একজনের চরিত্রে অভিনয় করলাম। ছবিটিতে আমার চরিত্রের বেশকিছু ক্লাইমেক্স রয়েছে। চরিত্রের টানাপড়েনগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক। ছবির শুরুতেই আমার চরিত্রের যে প্রখর আবেগ ও ট্র্যাজেডি দেখানো হয়েছে সেটির রেশ ছবির শেষ অবধি থাকবে। ছবিটির নাম ‘মা’, আমি একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছি, পরীমণিও তাই। এতে শুধু মায়েদের মমতা ভালোবাসাকে দেখানো হয়নি, মায়ের দুর্বলতা, মানবতা, বিদ্রোহ সবকিছুই উঠে এসেছে।’ ছবি আরও বলেন, ‘পরিচালক অরণ্য আনোয়ারের সঙ্গে কাজের অভিজ্ঞতা বহু পুরনো। তার অসংখ্য ভালো ভালো নাটকে আমি কাজ করেছি। সেই চরিত্রগুলোতে যথেষ্ট ভিন্নতা ছিল। কারণ তার লেখনীতে চরিত্রের বৈচিত্র্য বরাবরই বিদ্যমান। শুধু তাই নয়, তার সংলাপ খুবই বাস্তবসম্মত ও সাবলীল। এই ছবিতেও তাই হয়েছে। সেই সঙ্গে ছবির প্রত্যেকটি গান এক কথায় অসাধারণ। আশা করছি গানগুলো দর্শকের মুখে মুখে ফিরবে। আর দর্শকই গানের মাধ্যমে ছবিটির কথা একজন থেকে আরেকজনকে জানাবে। শিল্পী হিসেবে আমরা একটি ছবিতে যা যা চাই, সবই ছবিটিতে রয়েছে। স্ট্রং গল্প, ভালো নির্মাণ, সাবলীল সংলাপ, দুর্দান্ত অভিনয়শিল্পীরা, মন ভরানো গান- সবই এ কথায় অসাধারণ।’
‘মা’ সিনেমায় ছবির সাজ-পোশাকেও রয়েছে ভিন্নতা। যত চ্যালেঞ্জিং চরিত্রই হোক না কেন ফারজানা ছবিকে কখনোই অতিঅভিনয় করতে দেখা যায় না। তিনি বরাবরই অভিনয়ের পরিমিতিবোধ সম্পর্কে সচেতন থাকেন। সেটা সাম্প্রতিক সময়ে তার করা ফ্রাইডে হোক, কিংবা তার আগের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন দর্শক। এ প্রসঙ্গে ছবির ভাষ্য, ‘অভিনয়ের ক্ষেত্রে পরিমিতিবোধ সত্যি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ চরিত্রটি তখনই দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন অভিনয়শিল্পী তার চরিত্রের ভেতরকার আবেগ ধরতে পারেন। আবার সেই আবেগ মাত্রা ছাড়িয়ে গেলেই কিন্তু সেটি হয়ে যায় অতিঅভিনয়। ফলে অভিনয়ের পরিমিতিবোধ ঠিক রাখতে নিয়মিত চর্চা ও চরিত্র নিয়ে হোমওয়ার্ক করতে হয়। আমি সেভাবেই প্রতিটি চরিত্র করে থাকি।’
ছবিটি বাংলাদেশে মুক্তির আগেই ৭৬তম কান উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে। এজন্য নির্মাতা অরণ্য আনোয়ার ও প্রযোজক পুলক কান্তি বড়ুয়া গতকাল রাতেই ফ্রান্সের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এবার কোনো অভিনয়শিল্পী কানে না গেলেও ছবি জানালেন, শিগগিরই ছবিটি বাহরাইনে প্রদর্শিত হবে। তখন আমরা পুরো টিম সেখানে থাকব। শুধু তাই নয়, ছবিটি নিয়ে নির্মাতাদের আরও বড় স্বপ্ন। ছবিটিকে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে বাণিজ্যিকভাবে মুক্তির বিষয়টি অনেকটাই চূড়ান্ত করে ফেলেছেন।
ছবিটিতে পরীমণি, ফারজানা ছবি ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ। গান গেয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।