প্রাইম ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও মনিরুজ্জামান

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংকার মো. মনিরুজ্জামান। প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সমমর্যাদার পদে প্রাইম ব্যাংক সিকিউরিটিজে যোগ দিয়েছেন তিনি।

এর আগে তিনি শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

১৯৯৮ সালে পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু করা মনিরুজ্জামান কাজ করেছেন পুঁজিবাজারের শীর্ষ অনেক প্রতিষ্ঠানে। ১৯৯৮ সালে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু করে ১৯৯৯ সালের মে মাসে তিনি যোগ দেন দেশের প্রথম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাসেট অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস অব বাংলাদেশে (এইমস)। এরপর ২০০২ সালের অক্টোবরে এবি ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং শাখায় কাজ করেন। ২০০৩ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত কাজ করেন আমেরিকান বিনিয়োগ প্রতিষ্ঠান সিটি গ্রুপে। ২০০৯ সালের সেপ্টেম্বরে আইডিএলসি ইনভেস্টমেন্টে যোগ দেন এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজে যোগ দেওয়ার আগ পর্যন্ত এখানেই কাজ করেন।

উপদেষ্টা হিসেবে কাজ করেছেন সানোফি বাংলাদেশ ও বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডে।