ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২০০ কোটি টাকার মিউচুয়াল ফান্ড আনছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড নামের মেয়াদি মিউচুয়াল ফান্ডটির ট্রাস্টির দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)।
গতকাল রবিবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক এবং ট্রাস্টি আইসিবির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। একই দিন ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডও একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এ সময় গ্রামীণ ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোসলেহ উদ্দীন। আইসিবির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন এবং ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুর রহমান।
চুক্তি সম্পাদন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফুল মজিদ, আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।