ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের বকশিগঞ্জে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে হুনুফা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের সকাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হুনুফা বেগম বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা এলাকার আব্দুল মুন্নাফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হুনুফা বেগম ভ্যানে করে পার্শ্ববর্তী কর্ণঝোড়া এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে বাট্টাজোড় সকাল বাজার এলাকায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল তালুকদার ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।