ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট ঘোপঘাট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের হোসাইন, নাহিদ ও জোবায়ের। তাদের সকলের বাড়ি মধুখালীর বাগাট এলাকায়।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ জানায়, কামারখালী থেকে মোটরসাইকেলযোগে তিন যুবক মধুখালীর বাগাটে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা বাগাট এলাকার ঘোপঘাটে পৌঁছালে প্রচণ্ড ঝড়ে সড়কের পাশের একটি গাছের ডাল ভেঙে মোটরসাইকেলের ওপর পড়লে তারা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় মাগুরাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।