বিদেশে কফ সিরাপ পাঠানোর আগে তা সরকারি ল্যাবরেটরিগুলোতে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (সিডিএসও)। নিয়ন্ত্রক সংস্থার এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেছেন, গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত একটি চিঠিও দিয়েছে সিডিএসও। রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রস্তাব কফ সিরাপ রপ্তানির আগে এগুলো যেন পরীক্ষাগারে পরীক্ষা করানো হয় এবং কফ সিরাপ রপ্তানির ক্ষেত্রে এসব পরীক্ষাগারের ছাড়পত্রের সনদ যেন বাধ্যতামূলক করা হয়।’ গত বছর গাম্বিয়ার শিশুদের মৃত্যুর জন্য দায়ী ভারতের মেইডেন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত কফ সিরাপ, আর উজবেকিস্তানে শিশুদের মৃত্যু ঘটেছে একই দেশের ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ সেবন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরীক্ষায় দুই কোম্পানির কফ সিরাপে সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি পরিমাণে এথিলিন গ্লাইকোল এবং ডায়াথিলিন গ্লাইকোল নামে দুটি রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়।