বাংলাদেশের চারগুণ মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড দেখল বিশ্ব। একক দেশ হিসেবে রেকর্ড হলো ইরানেও। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২২ সালে বিশ্বের ২০টি দেশে ৮৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে; যা ২০২১ সালের তুলনায় ৫৩ শতাংশ বেশি। গত বছর এক দেশ হিসেবে সবেচেয়ে বেশি ৫৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানে। দেশটি তার আগের বছর এ সংখ্যা ছিল ৩১৪।

প্রতিবেদন বলছে, আলোচ্য বছরটিতে যুক্তরাষ্ট্রে ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে; অন্যদিকে বাংলাদেশে এ সংখ্যা মাত্র চার। 

গতকাল মঙ্গলবার মৃত্যুদণ্ডসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আগের বছর বিভিন্ন দেশে মাদকের ঘটনায়ও এখন মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, চীনের মতো দেশেও মাদকের ঘটনায়ও এখন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে ২০২২ সালে দেশটিতে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে সংস্থাটি মৃত্যুদণ্ড কার্যকরের যে লেখচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে চীনের এই সংখ্যা হাজারেরও ওপরে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ইরানের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে গত বছর ১৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আগের বছর এ সংখ্যা ছিল ৬৫ জন। অ্যামনেস্টি জানিয়েছে, গত তিন দশকের মধ্যে ২০২২ সালে সৌদি আরবে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটেছে।

গত বছর মিসরে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ১৮ জনের। আর বাংলাদেশে এ সংখ্যা চারজন। 

প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলো গত বছর উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। মানবজীবনের প্রতি নির্মম অবহেলা প্রকাশ করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, মৃত্যুদণ্ড নিয়ে গত বছর বেশ কিছু নজিরবিহীন ঘটনা ঘটেছে। অ্যামনেস্টির তথ্যানুযায়ী, গত শতকের আশির দশকের পর থেকে মিয়ানমারে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ হয়ে গিয়েছিল। ২০২২ সালের জুলাই মাসে দেশটি চারজন রাজনৈতিক বিরোধীর মৃত্যুদণ্ড দিয়েছে। অন্যদিকে গত বছর সৌদি আরবে নজিরবিহীনভাবে এক দিনেই ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এছাড়া গত বছর মাদকের কারণে মৃত্যুদণ্ডের ঘটনাও আশ্চর্যজনকভাবে বেশি। অ্যামনেস্টি বলেছে, উদ্বেগের বিষয় হলো, দেশে দেশে মাদকের কারণে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। গত বছরের মোট মৃত্যুদণ্ডের প্রায় ৪০ শতাংশ ছিল মাদকসংক্রান্ত ঘটনায়। এর মধ্যে ইরানে ২৫৫ জন, সৌদি আরবে ৫৭ জন, সিঙ্গাপুরে ১১ জনকে মাদকসংক্রান্ত ঘটনায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া চীন ও ভিয়েতনামে মাদকের কারণে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা ঘটেছে।