বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমারের উদ্দেশ্যে আইনি নোটিস পাঠানো হয়েছে। সংগঠনের একজন অর্থদাতা হিসেবে সাবিহা রহমান নিতুর পক্ষে গত মঙ্গলবার এ নোটিস পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হায়দার তানভীরুজ্জামান। এতে অর্থদাতার দেওয়া ৪০ হাজার ৫০০ টাকা কোন খাতে ব্যয় করা হয়েছে তা জানতে চেয়েছেন আইনজীবী। ব্যত্যয় হলে নোটিসদাতা আইনগত ব্যবস্থা নেবেন বলে নোটিসে বলা হয়েছে।
আইনজীবী বলেন, নোটিসদাতা ২০২২ সালের ২০ মার্চ তার স্বামীর ব্র্যাক ব্যাংক হিসাব থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের হিসাবে ৩৮ হাজার টাকা প্রদান করেন। এছাড়া ২০২০ সালের ৭ জুলাই ও ওই বছরের ১১ আগস্ট নোটিসদাতা বিকাশের মাধ্যমে ২ হাজার ৫০০ টাকা দেন। বিদ্যানন্দের চেয়ারম্যানের উদ্দেশ্যে আরও বলা হয়, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং টাকার সঠিক ব্যবহার না করার অভিযোগ এসেছে। কিন্তু সব বিষয়ে আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। নোটিসদাতা আপনাদের অডিট রিপোর্ট চেক করার পরেও তার পাঠানো অর্থের কোনো তথ্য পাননি এবং তার অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে সেটি বারবার জানতে চাওয়া সত্ত্বেও প্রতিষ্ঠান থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। নোটিসে ৩০ দিনের সময় দিয়ে বলা হয়, নোটিসদাতার পাঠানো অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তার সঠিক ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।