চট্টগ্রামের পটিয়ায় ১ হাজর ৪০৬ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ মে) দুপুরে পটিয়া থানার ওসি প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার জিরি ইউনিয়নের মালিয়ারা এলাকার সিরাজুল হকের ছেলে আবদুল মাবুদ (৩৪) ও একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মো. রুবেল (২৬)। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ১ হাজার ৪০৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাত লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবারও আশপাশের বিভিন্ন জায়গা থেকে মদ সংগ্রহ করে মজুদ করেছিল। শুক্রবার সকালে তারা মাদক কারবারিদের কাছে এগুলো হস্তান্তর করবে। কিন্তু তার আগেই তারা পুলিশের হাতে আটক হন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪০৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে শুক্রবার পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।