ঈদুল আজহায়ও হবে একই দশা!

যখন সিনেমা হলের সংখ্যা ছিল ২০০-এর বেশি, তখনো ঈদে তিন-চারটি সিনেমা মুক্তি পেত। এই চিত্র করোনার আগেও একই ছিল। কিন্তু হুট করেই যেন নির্মাতা-প্রযোজক-কলা-কুশলীরা ঈদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন! সারা বছর সিনেমা হলে দর্শক নেই বললেই বলে। দুই ঈদেই দর্শক একটু সিনেমা হলে যায়। এ জন্যই হয়তো ঈদ এলেই নির্মাতারা ছবি মুক্তির জন্য হুমড়ি খেয়ে পড়েন। প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কে ছবি মুক্তি দেবেন। গেল ঈদে ৮টি ছবি মুক্তি পেয়েছে। সীমিত সংখ্যক সিনেমা হলে এতগুলো ছবি মুক্তি পাওয়ায় কোনো ছবিই প্রত্যাশিত ব্যবসা করতে পারেনি। তবুও টনক নড়েনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের। আসছে ঈদেও একের পর এক ছবি মুক্তির ঘোষণা আসছে। এভাবে ছবিগুলোর বাণিজ্যিক সম্ভাবনাকে গলা টিপে হত্যা করা হচ্ছে।

আগামী ঈদুল আজহায়ও মুক্তির তালিকায় অনেকগুলো ছবি রয়েছে। কোনটি মুক্তি পাবে আর কোনটি মুক্তি পাবে না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মুক্তির তালিকায় রয়েছে ‘নেত্রী : দ্য লিডার’, ‘ডেঞ্জার জোন’, ‘প্রিয়তমা’, ‘ক্যাসিনো’, ‘রিভেঞ্জ’, ‘সুড়ঙ্গ’, ‘অন্তর্জাল’, ‘ক্যাসিনো’, ‘এমআর ৯’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’। এই সম্ভাব্য তালিকার বাইরেও কিছু ছবি রয়েছে, যা যেকোনো সময় মুক্তির ঘোষণা দিতে পারে।

উল্লিখিত তালিকায় বেশ কয়েকটি ছবি রয়েছে, যা অত্যন্ত ব্যয়বহুল। ‘নেত্রী : দ্য লিডার’ এবং ‘এমআর ৯’সহ আরও কিছু নির্মাণ করতে একাধিক কোটি টাকা ব্যয় হয়েছে। এই লগ্নি বাজার থেকে তুলে আনার মতো কোনো পরিস্থিতি নেই। তবে উল্লেখ করার বিষয় হলো, করোনা মহামারির পর এই প্রথম গত ঈদ থেকেই  ছবি দেখার জন্য দর্শকের মধ্যে একটা সাড়া পড়েছে। বেশি দাম দিয়ে টিকিট কিনেও সিনেপ্লেক্সে ছবি দেখার জন্য দর্শকের ভিড় দেখে স্পষ্টতই বোঝা যায়, দর্শক সুন্দর পরিবেশে বসে বিনোদন উপভোগ করতে চায়। প্রদর্শকদের এ কথাটিই মনে রাখতে হবে। সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলগুলোর পরিবেশ উন্নত করা না গেলে প্রত্যাশিত দর্শক পাওয়া যাবে না, সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছেন সংশ্লিষ্টরা।

গত বুধবার মাহফুজ আহমেদের প্রকাশিত লুক পোস্টার দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো ঈদুল আজহায় ‘প্রহেলিকা’র মুক্তি পাবে সিনেমা হলে। ‘প্রহেলিকা’র পরিচালক চয়নিকা চৌধুরী জানান, এই ক্যারেক্টার লুকের মাধ্যমে দর্শকরা রোমান্টিক নায়ক মাহফুজকে যন্ত্রণাদগ্ধ, প্রতিবাদী লুকে দেখতে পেলেন। পর্যায়ক্রমে ‘প্রহেলিকা’র অন্য শিল্পীদের ‘ক্যারেক্টার লুক’ প্রকাশ করা হবে। ‘প্রহেলিকা’য় মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এর আগে মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিতে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ গানটি দর্শকপ্রিয়তা অর্জন করে। যেখানে মাহফুজ আহমেদের সঙ্গে নায়িকা বুবলীকে রোমান্টিক মুডে দেখা যায়।

প্রহেলিকার ঠিক আগেভাগেই প্রকাশিত হয় রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জার লুক। দর্শক বেশ পছন্দ করেছে লুকটি। ছবিটি নিয়ে রায়হান রাফি বলেন, ‘আমরা কোরবানির ঈদের জন্য প্রস্তুত। আমি মনে করি না যে শাকিব খানের সিনেমা আসছে বলে আমরা কোন পলিটিকসের মধ্যে পড়ব। তিনি সুপারস্টার, তার ছবি তো দর্শক দেখবেই। কিন্তু আমার ছবি যদি ভালো হয় দর্শক সেটিও গ্রহণ করবে। এমন কোনো কথা নেই যে একটি ঈদে একজনের সিনেমাই ভালো চলবে। একাধিক ছবিও সমানভাবে ব্যবসাসফল হতে পারে।’

শাকিব খানের প্রসঙ্গ যেহেতু এলোই, বলে রাখা ভালো শাকিব খান ঈদে আসছেন হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ছবিতে। এ ছবিতে নায়িকা হিসেবে বুবলীকে না নেওয়ায় দুই তারকার মধ্যে তুমুল বাগ্্যুদ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে শাকিবের ফার্স্ট লুক প্রকাশের পর তা ব্যাপক সাড়া ফেলে। নির্মাতা সূত্রে জানা যায়, শ্যুটিং শুরু হতে না হতেই অনেকগুলো হলের মালিক ছবিটির জন্য অগ্রিম টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ ছবিতে শকিব খানের বিপরীতে দেখা যাবে কলকাতার সিরিয়ালের নায়িকা ইধিকা পালকে।

শাকিব খান যেহেতু আসছেন বুবলীই বা পিছিয়ে থাকেন কীভাবে? আসছে শাকিব খানের বাইরে প্রথম বুবলী যে ছবিটি করেছিলেন, সেই ‘ক্যাসিনো’ নিয়ে। সৈকত নাসির পরিচালিত এ ছবিতে তার সঙ্গে দেখা যাবে নায়ক নিরবকে।

অপু বিশ্বাসও এবার পিছিয়ে থাকতে চান না। তিনি নিজের প্রযোজিত প্রথম ছবি নিয়ে বাজি ধরতে চান। পড়তি ক্যারিয়ার ওঠানোর জন্য এটা তার অন্যতম একটি সুযোগ। এত ছবির ভিড়ে যদি তার ‘লাল শাড়ি’ ভালো ব্যবসা করে তবে হয়তো নায়িকা হিসেবে তিনি আরও কিছু বছর টিকে যেতে পারেন। অপু বলেন, ‘আগামী সপ্তাহে সেন্সরে ছবিটি জমা দেব। ক্যারিয়ারের শুরু থেকেই প্রতি ঈদে আমার ছবি মুক্তি পেয়েছে। এই ঈদেও চাই ছবি মুক্তি পাক। এর মধ্যে হলমালিকদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমার ছবিটি ঈদে চালাতে আগ্রহী। আশা করছি, আমার ভক্তরাও ছবিটি হলে গিয়ে দেখবেন।’