কলাপাতা কাটা নিয়ে চাচাতো বোন খুন, গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কলাপাতা কাটা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে বোন খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

শনিবার (২০ মে) দিবাগত রাত ৩টার দিকে নগরের বন্দর থানাধীন ঈশান মিস্ত্রির হাট এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকার জান মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৩৫), রেজাউল করিমের স্ত্রী নাসিমা আকতার (৩৪) ও তার শাশুড়ি ছকিনা খাতুন (৫০)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গত ১৭ মে বিকেলে আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় দীর্ঘদিনের বিরোধের জেরে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এক পর্যায়ে ফাতেমা বেগম ও তার পরিবারের সদস্যদের ওপর লোহার রড নিয়ে হামলা চালায় চাচাতো ভাই রেজাউল ও তার স্ত্রী-শাশুড়ি। ফাতেমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় ফাতেমার। এ ঘটনায় তার (ভিকটিম) ভাই মো. আমিন বাদী হয়ে আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।