প্রতিপক্ষের মাঠে একের পর এক বর্ণবাদী আক্রমণের শিকার হচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। ক্ষোভ প্রকাশ করে দায়ী করেছেন লা লিগা কর্তৃপক্ষকে। পরে স্প্যানিশ ফুটবলের প্রধান তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তবে পাশে পেয়েছেন নিজ দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে।
শুধু তারাই নন। নিজ দেশের তারকা সতীর্থ নেইমার ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পাশে পেয়েছেন ভিনি। ভিনিসিয়ুসকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে বেছে নিয়েছেন পিএসজির এই দুই তারকা ফুটবলার।
পিএসজির ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে ও ব্রাজিলিয়ান তারকা নেইমার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিনিসিয়ুসের একটি ছবি দিয়েছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, রিয়ালের জার্সি পরা ভিনিসিয়ুস মাঠে দাঁড়িয়ে উড়ন্ত চুমু দিয়ে সমর্থকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন।
এমবাপ্পে ছবিটি দিয়ে নিচে লিখেছেন, ‘ভিনি, তুমি একা নও। আমরা আছি তোমার সঙ্গে। তোমাকে সমর্থন জানাচ্ছি।’
নেইমার এই ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন রাগ, ভালোবাসা ও মুষ্টিবদ্ধ হাতের ইমোজি। বোঝাই যাচ্ছে, নেইমারের রাগটা বর্ণবাদীদের জন্য আর ভিনিসিয়ুসের প্রতি ভালোবাসা। মুষ্টিবদ্ধ হাতের ইমোজি দিয়ে তিনি হয়তো ভিনিকে মানসিক দিক থেকে শক্ত থাকতে বলেছেন।