রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের ভেতর ঢুকে হামলা চালানো ইউনিটের সদস্যদের ইউক্রেনে ফেরত যেতে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট-জেনারেল ইগোর কোনাশেঙ্কোভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। ইগোর কোনাশেঙ্কোভ বলেন, ‘জাতীয়তাবাদী গোষ্ঠীর সদস্যদের ইউক্রেনের ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। তারা পুরোপুরি রুশ ভূখণ্ড থেকে নির্মূল না হওয়া পর্যন্ত গোলাবর্ষণ করা হয়েছে। এতে ৭০ জনের বেশি ইউক্রেনীয় সন্ত্রাসী, চারটি সাঁজোয়া যুদ্ধযান ও পাঁচটি পিকআপ ধ্বংস করা হয়েছে। এর আগে গত সোমবার ইউক্রেন থেকে সীমান্ত টপকে সশস্ত্র যোদ্ধাদের বড় একটি দলের অনুপ্রবেশ ঘটে, যাকে ১৫ মাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে সবচেয়ে বড় অনুপ্রবেশ বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। সশস্ত্র দলটি দুটি ড্রোন হামলা চালায় বলে জানা গেছে, যাতে অন্তত আটজন রুশ নাগরিক আহত হন। এরপর দ্রুত সংঘাতপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয় রাশিয়া। বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভায়াচেসøাভ গ্লাদকভ সন্ত্রাসীদের প্রতিহত করার কথা নিশ্চিত করলেও বাসিন্দাদের এখনই ঘরে না ফেরার অনুরোধ জানিয়েছেন।