নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২৪ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন সাজা প্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া এলাকার জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ফাতেমা বেগম ও একই এলাকার মো. জয়নাল আবেদীন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, ২০১১ সালের ১৬ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করে ফেরার পথে সানোয়ার হোসেনের মুখ বেঁধে আসামিরা তুলে নিয়ে যায়। পরে একটি ঘরে আটকে রেখে আসামিরা সানোয়ারকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এ ঘটনায় সানোয়ারের বাবা মো. নূরুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা করেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।