মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল কোয়ালিফায়ারে

ইঞ্জিনিয়ারের কাছে ফেল লখনৌ

চেন্নাইয়ের কাছে হেরে যাওয়া গুজরাট টাইট্যান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া চেয়েছিলেন দ্বিতীয় কোয়ালিফায়ারে তার ভাই ক্রুনাল পান্ডিয়ার দল লখনৌ সুপার জায়ান্টস উঠুক। ভাইকে হারিয়ে ফাইনালে আবার এমএস ধোনির মুখোমুখি হতে চেয়েছিলেন। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার দল এলিমিনেট হয়ে গেছে আইপিএল থেকে। খুড়িয়ে খুড়িয়ে শেষ দল হিসেবে প্লে-অফে ওঠা মুম্বাই ইন্ডিয়ান্সই টিকে গেছে।
রাতে চেন্নাইয়ে ৮ উইকেটে ১৮২ রান করে লখনৌকে ৮১ রানে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে তারা গুজরাট টাইট্যান্সের সঙ্গে।
জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনৌ। দুই ওপেনার প্রেরক মানকড় (৩) এবং কাইল মায়ার্স (১৮) দলকে চাপে ফেলে দেন। তিন নম্বরে নেমে অধিনায়ক ক্রুনালও রান তোলার গতি বাড়াতে পারেননি। বরং ১১ বলে ৮ রান করে দলের উপর চাপ আরও বাড়িয়ে দেন তিনি। চার নম্বরে নেমে মার্কাস স্টয়নিস পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছিলেন রোহিতদের। তিনি করেন ২৭ বলে ৪০ রান। তাতে অবশ্য লাভ তেমন হয়নি। আয়ুশ বাদোনি (১), নিকোলাস পুরানদের (০) ব্যর্থতা লখনৌকে আরো চাপে ফেলে দেয়। ৭৪ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর মুম্বইয়ের জয় ছিল কার্যত সময়ের ব্যাপার। মুম্বইয়ের ক্রিকেটাররাও রাশ আলগা হতে দেননি। শেষপর্যন্ত ১৭তম গুটিয়ে যায় লখনৌ। পেসার আকাশ মাধাওয়াল ৫ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ৭ রানে ১ উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। ২৮ রানে ১ উইকেট পিযুষ চাওলার।
টস জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভাল করেও প্রত্যাশিত রান করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। কোনও ব্যাটারই বড় রানের ইনিংস খেলতে পারেননি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের ২৩ বলে ৪১ রানই সর্বোচ্চ। ২০ বলে ৩৩ করেন সূর্যকুমার যাদব। তিলম ভর্মার ২৩ ও নেহাল ওয়াধেরার ২০ রানেই ১৮০ ছাড়ায় মুম্বইয়ের সংগ্রহ।
ম্যাচ সেরা হয়েছেন আকাশ মাধাওয়াল। গতবার দলে থাকলেও বেশি সুযোগ পাননি। আগের ম্যাচে ৪ উইকেট শিকারী এবার নজর কাড়লেন সবার। ম্যাচ শেষে বলেছেন, 'প্র্যাকটিস করে যাচ্ছিলাম, সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। ইঞ্জিনিয়ারদের সব আগে শেখার অভ্যাস থাকে। আমি অনুশীলন করেছি, আর সেটাই মাঠে প্রয়োগ করে ফল পেলাম।'