সায়েন্স ল্যাবে সংঘর্ষ

পুলিশের ৩ মামলায় গয়েশ্বরসহ আসামি ৫ শতাধিক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় গত মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি পালনের সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে ধানম-ি থানায় দুটি ও নিউমার্কেট থানায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে করা এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ দলটির পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার আসামিদের মধ্যে ইতিমধ্যে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে কে এন রায় নিয়তি আরও জানান, ধানম-ি থানায় বিস্ফোরক আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয়েছে। দুটি মামলাতেই ৫২ জন বিএনপি নেতার নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানায় করা মামলায় ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০০ জনকে আসামি করা হয়েছে।

ধানমন্ডি মডেল থানার ওসি ইকরাম আলী জানান, তার থানায় হওয়া দুটি মামলারই বাদী পুলিশ। একটি মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় নাশকতার অভিযোগ করা হয়েছে। এই দুই মামলার আসামিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু জানান, পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় তার থানায় একটি মামলা করা হয়েছে। এতে ৩৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউমার্কেট থানায় করা মামলায় গয়েশ্বর চন্দ্র রায়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকেও আসামি করা হয়েছে।

ডিএমপির রমনা জোনের ডিসি মো. আশরাফ হোসেন বলেন, ‘পদযাত্রা কর্মসূচিতে সিনিয়র নেতারা চলে যাওয়ার পর নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হামলা চালান। পুলিশ পাল্টা অ্যাকশনে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।’

গত মঙ্গলবার ঢাকা উত্তর, দক্ষিণসহ বিভিন্ন মহানগরে বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। রাজধানীতে এই কর্মসূচি ছিল ধানমন্ডি ও গাবতলী এলাকায়। ধানম-ির শংকর এলাকায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে সমাবেশ শেষে বেলা ৩টায় পদযাত্রা শুরু হয়। সেটি জিগাতলা, সিটি কলেজ হয়ে ল্যাবএইড হাসপাতাল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা ছিল। তবে সিটি কলেজ এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।