বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ আগামী ১২ জুন । এর মধ্যেই নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় পার করছে রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনসহ নির্বাচনী সংশ্লিষ্ট সব দপ্তর।
অন্যদিকে ভোটকেন্দ্র ও কক্ষের সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। তবে কিছু ভোটকেন্দ্র নিয়ে শঙ্কা প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশসহ (বিএমপি) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
বিএমপি সূত্র জানায়, আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মোট ১২৬ ভোটকেন্দ্রের মধ্যে সময়, স্থান ও পরিবেশ বিবেচনা করে অধিক গুরুত্বপূর্ণ ৮৮টি ভোটকেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ এবং ২৭টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর ১১ কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের সহকারী রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, ‘সাধারণ কেন্দ্রের তুলনায় বেশিসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন ঝুঁকিপূর্ণ কেন্দ্রে। এ ছাড়া সব কেন্দ্রে জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
তবে কোন ধরনের ভোটকেন্দ্রে কতজন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন সে বিষয়ে এখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘সিটি নির্বাচনে পারিপার্শ্বিক দিক বিবেচনা করে ১২৬ কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আয়তন ও ভোটারদের সংখ্যার ওপর ভিত্তি করে ওয়ার্ড প্রতি ৩-৬টি ভোটকেন্দ্র থাকবে। আর মোট কেন্দ্র মিলিয়ে ৮৯৪টি ভোটকক্ষ থাকবে।’
তবে নির্বাচনে অস্থায়ী কোনো কেন্দ্র থাকছে না বলে জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া গেলেও, ১২ জুন সংঘাতমুক্ত নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।