প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি দেওয়া’ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে।
গতকাল চাঁদ গ্রেপ্তার হওয়ার পর আরএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ। দুপুর ১২টার দিকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে চাঁদের ওই বক্তব্যের পর দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারে তিনি পালানোর চেষ্টা করছিলেন। ভেড়িপাড়া মোড় থেকে তাকে পুলিশের একটি বিশেষ দল গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বলেন, আমাদের কাছে তথ্য ছিল তিনি (চাঁদ) আত্মগোপন চলে যাচ্ছেন। তাই রাজশাহী মহানগর ও জেলা পুলিশ তাকে ধরতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসায়। এই যৌথ অভিযানেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রেঞ্জ ডিআইজি বলেন, পুঠিয়া থানায় দায়ের হওয়া মামলায় চাঁদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় যেসব মামলা হয়েছে সেগুলোর তদন্তকারী কর্মকর্তারা এগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে এদিন বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে রাজশাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক মাহবুব আলম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, পুঠিয়ার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আসামি চাঁদকে আদালতে নেওয়ার পর পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত সার্বিক বিবেচনা করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।