সিরিয়ায় এক বছরে ১০০ শিশু ফেলে গেছেন মায়েরা!

১২ বছরের গৃহযুদ্ধের কারণে ভেঙে পড়েছে সিরিয়ার অর্থনৈতিক ব্যবস্থা। ক্ষুধা ও দারিদ্র্যে বিপর্যস্ত দেশটির মায়েরা এ কারণে বাধ্য হয়ে শিশুদের ফেলে চলে যাচ্ছেন। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে এক বছরেই এমন ১০০ শিশুকে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে দেশটিতে।

ওয়াশিংটন-ভিত্তিক সংস্থা সিরিয়ান ফর ট্রুথ অ্যান্ড জাস্টিস বলেছে, ২০১১ সালে গৃহযুদ্ধ বাধার আগে সিরিয়ায় সন্তানদের পরিত্যাগ করার ঘটনা হাতেগোনা কয়েকটি ছিল। কিন্তু শুধু ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে ১০০টিরও বেশি শিশুকে ফেলে যাওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ৬২টি মেয়েশিশু ছিল। তবে আসল সংখ্যা হয়তো আরও বেশি। সংগঠনটি বলছে, যুদ্ধ শুরুর পর এ সংখ্যা ‘নাটকীয়ভাবে’ বেড়ে গেছে। এর মধ্য দিয়ে যুদ্ধকবলিত সিরিয়ার আর্থসামাজিক পরিস্থিতির প্রকৃত চিত্র ফুটে ওঠে। যুদ্ধের কারণে সিরিয়ায় একদিকে অস্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তাহীনতা বেড়েছে, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে দারিদ্র্য, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং বিয়ের ছাড়াই গর্ভধারণের ঘটনা। এসব কারণে অনেকেই নবজাতককে নিজের সঙ্গে রাখতে পারেন না।