দেশে স্বর্ণের দাম নির্ধারণ হবে আজ

আন্তর্জাতিক বাজারে টানা দরপতনের মধ্যে পড়েছে স্বর্ণ। গত এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৩১ ডলার। আগের সপ্তাহে কমে ৩৪ ডলার। এতে দুই সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে ৬৫ ডলার। এ পরিস্থিতিতে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করতে আজ বৈঠকে বসবেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দায়িত্বশীলরা। ওই বৈঠক থেকে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে বাজুসের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম সমন্বয়ের পর আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলারের মতো কমে গেছে। এতে করে স্বাভাবিকভাবেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর একটা চাপ রয়েছে। বাজুসের দায়িত্বশীলরাও আন্তর্জাতিক বাজারের চিত্র নিয়মিত পর্যবেক্ষণ করছেন।

সূত্রটি আরও জানায়, দেশের বাজারে সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এক মাসের বেশি হয়ে গেল। আজ রবিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি স্বর্ণের দাম সমন্বয়ের লক্ষ্যে বৈঠকে বসবে। ওই বৈঠকে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারের চিত্র পর্যালোচনা করে নেওয়া হবে সিদ্ধান্ত। সার্বিক দিক বিবেচনায় বৈঠকে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত হতে পারে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এতে মে মাসেই প্রতি আউন্স স্বর্ণের দাম ১০০ ডলার কমে যায়। ৪ মে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৫৪ ডলার পর্যন্ত ওঠে। এরপর থেকে ধারাবাহিকভাবে স্বর্ণের দাম কমতে দেখা যাচ্ছে।