উচ্ছ্বাসেও অস্বস্তি জাহাঙ্গীর শিবিরে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হওয়ার পর তার বাসায় বিরাজ করছে উৎসবের আমেজ। বৃহস্পতিবার রাত থেকে হাজার হাজার সমর্থক ও শুভানুধ্যায়ী আসছেন তার ছয়দানার বাসায়। গতকাল শনিবার এ অবস্থা ছিল। সেখানে ফুল আর মিষ্টির ছড়াছড়ি। মানুষের ভালোবাসার জবাব দিচ্ছেন নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে জাহাঙ্গীর আলম।

তবে এত উচ্ছ্বাসের মধ্যেও আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার হওয়া জাহাঙ্গীরের শিবিরে অস্বস্তি আছে। কারণ তার সহযোগীরা মূল আওয়ামী লীগের। দলের প্রার্থী হেরে যাওয়ার পর পদ-পদবি পাওয়া নিয়ে তাদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অপরদিকে পরাজিত মেয়র প্রার্থী আজমত উল্লা খানের বাস ভবনে বিরাজ করছে নীরবতা। নেতাকর্মীদের কোনো আনাগোনা নেই।

গতকাল দুপুরে জাহাঙ্গীর আলমের বাসায় গিয়ে দেখা গেছে, নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে তার মায়ের নির্বাচনে কাজ করা কর্মী ও সমর্থকরা দল বেঁধে তার বাস ভবনে আসছেন। অনেকের হাতে ফুল ও মিষ্টি। তারা মেয়র জায়েদা খাতুনের বাস ভবনের নিচতলা, দোতলা, তিনতলা ও বাড়ির প্রাঙ্গণে ভিড় করে আছেন। কিছুক্ষণ পরপর জায়েদা খাতুন বের হয়ে এসে নেতাকর্মী ও সমর্থকদের শুভেচ্ছার জবাব দিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। সবাইকে মিষ্টি মুখ করাচ্ছেন।

জাহাঙ্গীর আলম তার কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, ‘সবাইকে ধৈর্য ধরতে হবে। কারও সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি করা যাবে না। আমরা সবাই মিলেমিশে কাজ করব।’

জাহাঙ্গীর আলমের সান্নিধ্যে থেকে এবং তার মায়ের নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে অনেক নেতাকর্মী বহিষ্কার হয়েছেন। কাউকে কাউকে শোকজ করা হয়েছে। তারা এখন কিছুটা উজ্জীবিত হলেও তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকটা শঙ্কার মধ্যে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সালনা এলাকার এক আওয়ামী লীগ নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘জাহাঙ্গীর আলম যখন দলের মহানগর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, তখন আমিসহ প্রায় সব নেতাকর্মীই তার সঙ্গে ছিলাম। তিনি দল থেকে বহিষ্কার হওয়ার পর তার কাছ থেকে অনেকে চলে গেছে আবার অনেকে গোপনে বা প্রকাশ্যে সম্পর্ক রেখেছে। এখন মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন বাকি আছে। এই কমিটিতে জাহাঙ্গীর আলমের সঙ্গে সখ্য থাকার কারণে তারা কোনো পদ-পদবি পাবেন কি না, তা নিয়ে আমরা চিন্তিত। এ ছাড়া মেয়র পদে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের নির্বাচন অনেকে প্রকাশ্যে মাঠে নেমেছে। আবার বেশিরভাগ গোপনে তার পক্ষে কাজ করেছে। এসব বিষয় নিয়ে আমরা বেশ চিন্তায় আছি।’

তিনি মনে করেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ ছেড়ে অন্য কোনো দলে যোগ দেবেন না। কারণ জাহাঙ্গীর ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। একই সঙ্গে ওই আওয়ামী লীগ নেতা আশা প্রকাশ করেন, যেহেতু জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন তার ছেলের জনপ্রিয়তার কারণেই মেয়র নির্বাচিত হয়েছেন, সেহেতু তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাহাঙ্গীর আলমকে ফের দলে ফিরিয়ে নেবেন; যা দলের অনেক নেতাকর্মীই বিশ্বাস করেন।

অন্যদিকে টঙ্গীর আরিচপুর এলাকার বাসিন্দা সুজন মিয়া বলেন, আজমত উল্লা খান মেয়র মনোনয়ন পাওয়ার পর অনেকে ধরে নিয়েছিলেন বিজয় নিশ্চিত। নেতাকর্মীদের মাঝেও ছিল এমন আত্মবিশ্বাস। কিন্তু নির্বাচন শেষে ফলাফল দেখে সবাই হতবাক। তারা স্বপ্নেও ভাবতে পারেননি তাদের এমন ফল বিপর্যয় হবে। তিনি জানান, দুপুরের দিকে গিয়ে তিনি জানতে পারেন আজমত উল্লা খান বাসায় নেই। কোনো নেতাকর্মীকেও দেখতে পাননি।

জয়দেবপুর এলাকার আওয়ামী লীগের এক প্রবীণ নেতা নাম প্রকাশ না করে জানান, গাজীপুরের ৪৮০টি ভোটকেন্দ্রের একটিতেও কোনো কর্মীর বুকে টেবিল ঘড়ি প্রতীকের ব্যাজ ছিল না। কেন্দ্রগুলোতে কোনো এজেন্ট না থাকার পরও ব্যক্তি জাহাঙ্গীর আলমের জনপ্রিয়তায় অপরিচিত এক নারী আওয়ামী লীগের বাঘা প্রার্থীকে পরাজিত করেছেন, যা আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের অপর এক নেতা বলেন, ‘তারা সবকিছুর চুলচেরা বিশ্লেষণ করছেন। প্রতিটি কেন্দ্রের কেন্দ্র কমিটি, ওয়ার্ড কমিটি, থানা কমিটিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের কাছ থেকে তাদের এলাকায় নৌকা প্রতীকের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাইব। তার পর এ বিষয়ে কী করণীয় তা নিয়ে দলের মহানগর ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে এগিয়ে যাব। এখন সামনে জাতীয় সংসদ নির্বাচনই দলের জন্য চ্যালেঞ্জ।

এ বিষয়ে জানতে চাইলে আজমত উল্লা খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এক নেতা দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কী ভুলত্রুটি ছিল, নেতাকর্মীদের ভূমিকা কী ছিল, এসব বিষয় নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। উপযুক্ত সময়ে আমরা সব বিষয়ে কথা বলব।’