চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার চোরাই ভোজ্য তেল জব্দ করেছে নৌপুলিশ। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে কর্ণফুলীর ডায়মন্ড সিমেন্ট ঘাট এলাকা থেকে এসব তেল জব্দ করা হয়। এ সময় চোরা কারবারে ব্যবহৃত দুটি লাইটারেজ জাহাজসহ জড়িত চার ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রায়হান, বুলবুল আহম্মদ, আবদুল হক ও ওহিদুর নবী।
সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের আমদানি করা অপরিশোধিত ভোজ্য তেল বহনকারী জাহাজ ওটি বুলবুল থেকে এমটি ওশান ভিউ জাহাজে অসাধু উপায়ে তেল সরিয়ে নেওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে গতকাল রবিবার ভোররাতে কর্ণফুলী নদীর ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এমটি ওশান ভিউ জাহাজের পানির ট্যাংক থেকে ১২০০ লিটার তেল জব্দ ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় এস আলম গ্রুপ কর্তৃপক্ষ আটক চারজনসহ ৯ জনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা করেছে।