স্বর্ণপাম জিতল ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্র

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবে বরাবর আলোচনায় থাকে কার হাতে যাবে সিনেমার মুন্সিয়ানার স্বীকৃতি পাম দ’র বা স্বর্ণপাম। এবার কানের ৭৬তম আসরে এই সম্মান ঝুলিতে পুরল ফরাসি নির্মাতা জাস্তিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ চলচ্চিত্র।

তরুণ নির্মাতা জাস্তিন ত্রিয়েতের ক্রাইম থ্রিলার ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে। স্যান্দ্রা নামের সেই নারী তার স্বামী স্যামুয়েল ও দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ড্যানিয়েলকে নিয়ে এক নির্জন পাহাড়ি এলাকায় থাকছিলেন এক বছর ধরে। স্যামুয়েলকে বাড়ির বাইরে মৃত অবস্থায় পাওয়া যায় একদিন। সন্দেহজনক মৃত্যুর জন্য তদন্ত শুরু হয়। স্যান্দ্রাকে সন্দেহ করা শুরু করেন তদন্তকারীরা। এক বছর পরে ড্যানিয়েল তার মায়ের বিচারে অংশ নেয়। স্যান্দ্রার একমাত্র ছেলে হয় মামলার সাক্ষী। নৈতিক দ্বিধায় পড়ে যায় সন্তান। এই খুনের পেছনে লুকিয়ে থাকে আরেকটি সত্য। সেই চমকটাই মুগ্ধ করেছে বিচারকদের। কাজের স্বীকৃতি হিসেবে কানের ইতিহাসে নারী নির্মাতাদের মধ্যে তৃতীয় নারী হিসেবে স্বর্ণপাম জিতে নিয়েছেন ত্রিয়েত। ১৯৯৩ সালে জেন ক্যাম্পিয়ন প্রথম নারী নির্মাতা হিসেবে স্বর্ণপাম জিতে নেন। ২০২১ সালে স্বর্ণপাম জেতেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকুরনো। 

ফ্রান্সের চলচ্চিত্র নির্মাতা জাস্তিন ত্রিয়েত পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা ও সম্পাদনাও করেন। প্যারিস ন্যাশনাল স্কুল অব ফাইন আর্টস থেকে পড়াশোনা শেষ করে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। নির্মাতার প্রথম ফিচার ছবি ‘এজ অব প্যানিক’-এর প্রিমিয়ার হয়েছিল ২০১৩ সালের কান উৎসবে। ২০১৯ সালের কান উৎসবেও পাম দ’রের জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

বাংলাদেশ সময় শনিবার রাত ১২টার পর ঘোষণা করা হয় ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম। প্রধান শাখার অন্যান্য পুরস্কারের মধ্যে গ্র্যান্ড প্রিক্স জিতেছে জোনাথন গ্লেজারের সিনেমা ‘দ্য জোন অব ইন্টারেস্ট’, জুরি প্রাইজ জিতেছে আকি কাউরিসমাকির সিনেমা ‘ফলেন লিভস’, সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন আঙ হুঙ ট্রান (পট আউ ফেউ)। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোজি ইয়াকসু (পারফেস্ট ডেজস), সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মেরভি ডিজদার (অ্যাবাউট ড্রাই গ্রাসেস)। চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন সাকামোতো ইয়ুজি (মনস্টার)।