খাগড়াছড়িতে হত্যা মামলায় একই পরিবারের ৭ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ির রামগড়ের খাগড়াবিল এলাকায় আলোচিত নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যা মামলায় একই পরিবারের ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এই আদেশ দেন।

রায় ঘোষণাকালে মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তার ৬ ছেলে আদালতে উপস্থিত ছিলেন। মো. রাসেল নামে তার আরেক ছেলে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি প্রকাশ্য দিবালোকে আসামিরা নুরুল হক ওরফে হকি কোম্পানিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রামগড় থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করা হয়। একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।