মোহামেডানের জাগরণের ম্যাচ

অবশ্যই আমি আনন্দিত যে অনেক বছর পর মোহামেডান ফাইনালে উঠেছে। ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে দেখে অল্প সময়ে মানুষের মাঝে যে উদ্দীপনা তৈরি হয়েছে, অনেকে কুমিল্লায় খেলাটা দেখতে যাবে। এই যে মানুষ, সংবাদমাধ্যমে তোলপাড় হয়েছে এই ফাইনালে নিয়ে, এটাই আসলে দরকার। এখানে আবাহনী তো চ্যাম্পিয়ন রেসে সব সময়ই থাকে কিন্তু মোহামেডানের প্রায় ২০ বছর শিরোপা নেই লিগে। এটা মোহামেডান ক্লাবেরই ব্যর্থতা। তবে এই যে ফেডারেশন কাপের ফাইনালে আমরা উঠেছি, এটা আমাদের জন্য বিশেষ একটা লক্ষ্য। এটার দিকে তাকিয়ে আমরা বোর্ড মেম্বার যারা আছে, মোহামেডান পরিচালনা সংশ্লিষ্ট যারা আছে, এই ফাইনালকে ঘিরে আবার সংগঠিত হবে। সামনের লিগ থেকে আমরা চ্যাম্পিয়ন দল তাহলে গড়তে পারব।

আমরা কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছি। কিংস কিন্তু সব সময় চ্যাম্পিয়ন দল গড়ে। ওদের থেকে আমরা অনেকটা পিছিয়ে, মানে চার বা তিন নম্বর শক্তিশালী দল গড়ি। এটার কারণ ক্যাসিনোকা-ের আগে আমরা বাদল দার নেতৃত্বে সব খেলোয়াড় মিলে এই ক্লাবের হাল ধরলাম। নতুন বোর্ড সদস্যদের নিয়ে আমরা নতুন পথচলা শুরু করি এবং সেখান থেকে অল্প অল্প করে উঠে আসা এবং আজ চার বছরের মাথায় আমরা ফেডারেশন কাপের ফাইনালে উঠলাম। আমি বলব না মোহামেডান হারিয়ে গেছে। বলব, মোহামেডান পিছিয়ে পড়েছে।

আমরা আবাহনীর সঙ্গে শেষ ম্যাচটায় জিততেছিলাম। কিন্তু একটা বিতর্কিত পেনাল্টির কারণে হেরে যাই। আমরা ওই সময় কিন্তু চ্যাম্পিয়ন বা রানার্সআপ দৌড়েও ছিলাম না। ওই অবস্থায় আমরা ওই গৌরবের ম্যাচে ভালো খেলেছিলাম। আবাহনী এখন অনেক ভালো দল। সেই তুলনায় ওই ম্যাচে মোহামেডান দারুণ খেলেছে। এখন এই ম্যাচটা তো লিগ ম্যাচ না। এটা চ্যাম্পিয়ন লড়াইয়ের ম্যাচ। আমরা যদি লিগ ম্যাচে ওইরকম আত্মবিশ্বাস নিয়ে আবাহনীর বিপক্ষে লড়াই করতে পারি তাহলে অবশ্যই ফাইনালে আমরা আরও বেশি শক্তি ও মনোবল নিয়ে এই গৌরবের ম্যাচে নামতে পারব।

এই মোহামেডানের স্ট্রাইকিং লাইন শক্তিশালী। দুজন বিদেশি এবার আমাদের শক্তিÑ সোলেমান দিয়াবাতে ও সানডে চিজোবা। ওরা দুজন মাঠে সক্রিয় থাকলে আমরা অবশ্যই মানে ওরা শতভাগ দিলে আমার বিশ্বাস আমরা অবশ্যই রেজাল্ট বের করে আনতে পারব। আর যদি আবাহনীকে নিয়ে ভাবতে হয় তাহলে ওদের বিশ্বকাপে খেলা যে ফুটবলারটা আছে দানিয়েল কলিন্দ্রেস, ওকে আটকাতে হবে। ওকে যদি আটকে দিতে পারি, দেখবেন ওই একটা ফুটবলার শুধু ফরোয়ার্ড লাইন না সে প্লে মেকার হিসেবে দারুণ। আবাহনীর বেশির ভাগ গোল তৈরি করে দেয়। আমার মনে হয় মোহামেডানের কোচ পরিকল্পনা তৈরি করবেন কিন্তু আমার বিশ্বাস, আমি যে অংশটা বললাম, এটাতে যদি মোহামেডান সফল হয় তাহলে অবশ্যই আমরা শিরোপা জিততে পারব। আমাদের একটা শিরোপা দরকার। যে শিরোপাকে কেন্দ্র করে মোহামেডান আবার জেগে উঠবে।