রাবি শিক্ষার্থীসহ দুই প্রক্সিদাতা আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই প্রক্সিদাতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৩০ মে) সকালে 'এ' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদকালে তারা প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেন। তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

আটক দুজন হলেন মো. হোসাইন ও মো স্বপন হোসাইন। মো. হোসাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের কাওসার হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২৪ নম্বর কক্ষে রোল ২১৬০২ এর পরীক্ষার্থী জাহিদ হাসান সিয়ামের হয়ে প্রক্সি দেন।

মো. স্বপন হোসাইন নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কৃষি অনুষদ ভবনের ১৩৫ নম্বর রুমে রোল ২৪০৯৬ এর পরীক্ষার্থী তানভীর আহমেদ এর হয়ে পরীক্ষায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, 'আমরা সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছি। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের দোষ স্বীকার করেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'