মস্কোতে ড্রোন হামলায় কয়েকটি ভবনে ক্ষত

রাশিয়ার রাজধানী মস্কোতে ড্রোন হামলায় কয়েকটি ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার সকালের দিকে রাজধানীর আকাশসীমায় আসা অন্তত ৮টি ড্রোন দেশটির আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা গেছে বলে জানিয়েছেন মস্কোর গভর্নর আন্দ্রেই ভরোবিয়ভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘মঙ্গলবার সকালে কিয়েভের শাসকরা মস্কোকে লক্ষ্য করে সন্ত্রাসী ড্রোন হামলা চালিয়েছে। তিনটি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ারে আটকা পড়ে নিয়ন্ত্রণ হারায়। ফলে যেখানে হামলার লক্ষ্য ছিল, তার বাইরে গিয়ে পড়ে। এছাড়া মস্কো অঞ্চলে আরও ৫টি ড্রোনকে পান্তসির-এস ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা হয়।’  মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, হামলা চেষ্টা প্রতিহতের পরপরই শহরের সব জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে কিছু বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে এক মাসে দুই দফায় ড্রোন হামলায় আক্রান্ত হলো মস্কো। তবে এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনে ড্রোন হামলা হয়েছিল। যদিও রাশিয়ার অভ্যন্তরে চালানো এসব হামলার দায় এড়িয়ে যাচ্ছে ইউক্রেন।