নিম্ন প্রবৃদ্ধি, সর্বোচ্চ মুদ্রাস্ফীতি, সর্বনিম্ন বৈদেশিক মুদ্রার কর্র্তৃত্বপরায়ণতা, বৈদেশিক চাপের মুখে প্রদত্ত বাজেটে সাধারণ মানুষের আকাক্সক্ষা পূরণ হয়নি। বাজেটে দুর্নীতি ও বৈষম্য মুক্তির নির্দেশনা নেই, বরং জনগণের কাঁধে নানাভাবে করের বোঝা চাপবে, যা সাধারণ মানুষের জীবনকে আরও বিপর্যস্ত করে তুলবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে জাতীয় সংসদে উত্থাপিত বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেন।
বিবৃতিতে এই বাজেটকে প্রত্যাখ্যান করে বলা হয়, নয়া উদারনীতিবাদী অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে প্রণীত বাজেট বড় লোকের স্বার্থই রক্ষা করবে। বাজেটে পাচারের টাকা ফেরত আনা ও খেলাপিঋণ উদ্ধারে বিশেষ নির্দেশনা না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সাধারণ মানুষের উপার্জিত অর্থই লুট হয়ে যাচ্ছে, অথচ এটি উদ্ধারে কোনো ভূমিকা নেই। এই বাজেটে ঘাটতি আরও বৃদ্ধি পাবে ও আরও নির্ভরতার ঝুঁকি থেকে যাবে।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, বাজেটের ঘাটতি পূরণের জন্য সাধারণ মানুষ, মধ্যবিত্তের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা চাপানো হবে। এই বাজেট আয়বৈষম্য, সম্পদবৈষম্য, খাদ্য-শিক্ষা-স্বাস্থ্যবৈষম্য, আঞ্চলিক-বৈষম্য দূর করতে কোনো ভূমিকা নেবে না, বরং বৈষম্য আরও বাড়াবে। বাজেটে রাষ্ট্রীয় উদ্যোগে খাদ্যপণ্য মজুদ, রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু, জাতীয় ন্যূনতম মজুরি ও হতদরিদ্র-কর্মহীনদের নগদ সহায়তার নির্দেশনা নেই, যা বর্তমান সংকটকালীন সময়ে মানুষকে বাঁচাতে ও অর্থনীতির চাকা সচল রাখতে জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ব ও দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প স্থগিত, অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানো, প্রতিরক্ষা খাতসহ সরকারি ক্রয় খাতে বরাদ্দ কমিয়ে আনা, সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করা, বিদেশভ্রমণসহ অপ্রয়োজনীয় বিলাসী কার্যক্রম বন্ধ জরুরি। কিন্তু এর কোনো আলামত আমরা দেখতে পেলাম না। বিবৃতিতে বলা হয়, আগে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বাজেটের ওপর নির্ভর করত। এখন আগে ও পরে দাম বাড়িয়ে মানুষের চোখকে ফাঁকি দেওয়া হয়।