যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে বিমান বাহিনীর একাডেমিতে ক্যাডেটদের স্নাতক সমাপনী উৎসবের মঞ্চে হঠাৎ পড়ে যান বাইডেন। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।
গত বৃহস্পতিবারের এ ঘটনায় রসিকতা করতে ছাড়েননি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি জানিয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী হতে ইচ্ছুক ডোনাল্ড ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া নিয়ে বলেছেন, পুরো ঘটনাটিই অদ্ভুত। ট্রাম্প বলেন, আশা করি, তিনি ব্যথা পাননি। এমন ঘটনা থেকে উৎসাহ পাওয়ার কিছু নেই।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া প্রসঙ্গে বলেন, আশা করি, জো বাইডেন দ্রুত সেরে উঠবেন। হোয়াইট হাউসের গণযোগাযোগ বিভাগের পরিচালক গতকাল এক টুইটে বলেন, প্রেসিডেন্ট বাইডেন সুস্থ আছেন।
আর গতকাল যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে বাইডেন সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বলেন, ‘বালুর বস্তায় পা আটকে গিয়েছিল।’
এদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের পড়ে যাওয়ার ঘটনা গণমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পড়ে গেছেন বাইডেন। ২০২০ সালের নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বাইডেন। পরের বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউজে ঢোকেন তিনি। দুই মাসের মাথায় এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খান তিনি।
এর পরের ঘটনা ২০২২ সালের জুনে, যুক্তরাষ্ট্রের ডেলওয়ারে। টি-শার্ট, শর্টস ও হেলমেট পরে সহকর্মীদের সঙ্গে নিয়ে সাইকেল চালাতে বেরিয়েছিলেন বাইডেন। হঠাৎ সাইকেলসহ রাস্তায় উল্টে পড়েন। তবে খুব একটা আহত হননি তিনি।
একই বছরের নভেম্বরে আবারও প্রকাশ্যে হোঁচট বাইডেন। সেবার ঘটনা ইন্দোনেশিয়ার বালিতে। জি-২০ সম্মেলনে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন বাইডেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সঙ্গে সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পড়ে যাচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেন উইডোডো।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পোল্যান্ড সফরে গিয়ে আবারও পা হড়কায় বাইডেনের। ওই সময় ওয়ারশ বিমানবন্দরে এয়ারফোর্স ওয়ানে উঠতে গিয়ে সিঁড়ির মধ্যে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েন তিনি।